প্রতিবন্ধীদের জনসম্পদে পরিণত করাই সরকারের লক্ষ্য - সমাজকল্যাণ মন্ত্রী

প্রতিবন্ধীদের জনসম্পদে পরিণত করাই সরকারের লক্ষ্য - সমাজকল্যাণ মন্ত্রী

 

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, দক্ষতা ও পুনর্বাসনের মাধ্যমে কর্মক্ষম মানুষ হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। তাদেরকে কর্মক্ষম করে সমাজের মূলধারায় নিয়ে আসতে কাজ করা হচ্ছে। এই জনগোষ্ঠীকে যদি কর্মক্ষম করে তোলা যায়, তাহলে তারা দেশের জন্য জনসম্পদে পরিণত হবে।

 

মন্ত্রী আজ রাজধানীর মিরপুর-১৪-তে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হলো প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে সমাজে কর্মক্ষম মানুষ হিসেবে গড়ে তোলা। পুনর্বাসনের অংশ হিসেবে তাদের চাকরির ব্যবস্থা করতে সহায়তা করা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহযোগিতা করা। প্রতিবন্ধী ব্যক্তিরা যেন সমাজ থেকে বিচ্ছিন্ন না থেকে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থার অংশ হতে পারেন, সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

 

জাহিদ হোসেন বলেন, আমাদের প্রচেষ্টা হচ্ছে প্রতিবন্ধী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা আরো বৃদ্ধি করা, প্রয়োজনীয় জনবল তৈরি করা এবং শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও এ ধরনের কলেজ ও সেবাকেন্দ্র সম্প্রসারণ করা। কারণ পর্যাপ্ত প্রশিক্ষিত জনবল ছাড়া প্রতিবন্ধী জনগোষ্ঠীকে প্রয়োজনীয় সেবা দেওয়া সম্ভব নয়।

 

মন্ত্রী প্রশাসনের প্রতিটি সেকশন ঘুরে দেখেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শারীরিক প্রতিবন্ধী, ব্রেইল পদ্ধতি ও ইশারা ভাষার বুদ্ধিপ্রতিবন্ধীসহ সকল ধরনের প্রতিবন্ধীদের সাথে কথা বলেন, তাদের খোঁজ খবর নেন এবং তাদের বিভিন্ন শিক্ষা কার্যক্রম, আবাসনের সুব্যবস্থা, সুষমখাদ্য, চিকিৎসা ও পয়ঃনিষ্কাশনের পরিষ্কার পরিচ্ছন্নতা সরেজমিনে ঘুরে দেখেন।  

 

এ সময় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ তরিকুল আলম, পরিচালক সোনামণি চাকমা, কলেজের অধ্যক্ষ, ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

 

সূত্রঃ পিআইডি